কিশোরগঞ্জে রেললাইন থেকে গৃহবধূর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার
আব্দুর রউফ ভূঁইয়া,কিশোরগঞ্জে প্রতিনিধি-কিশোরগঞ্জের কুলিয়ারচরে রেললাইন থেকে এক গৃহবধূর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে কিশোরগঞ্জ-ভৈরব রুটে ছয়সূতী টিএনটি পাড়া এলাকায় রেললাইনের ওপর থেকে সিমা বেগম (২২) নামে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। সিমা বেগম উপজেলার টিএনটি পাড়া এলাকার বাসিন্দা শাহিন মিয়ার স্ত্রী। তার বাবার বাড়ি কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের মাইজপাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়
প্রায় সাড়ে তিন বছর আগে শাহিনের সঙ্গে সিমা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে এক বছরের একটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার কলহ চলে আসছিল। এক সপ্তাহ বাবার বাড়িতে থাকার পর গত ২১ জুলাই সোমবার সিমা শ্বশুরবাড়ি ফেরত যায়। মঙ্গলবার সকালে রেললাইনে তার মরদেহ পাওয়া যায়।
ভৈরব রেলওয়ে থানার ওসি মো. সাইদ আহমেদ পিপিএম
বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান, মঙ্গলবার সকালে ছয়সূতী টিএনটি এলাকার রেললাইনের ওপর থেকে সিমা বেগম নামে এক গৃহবধূর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলামে মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































